মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে (PMO) এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে তেজগাঁও কার্যালয়ে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক দাফতরিক কাজ।
সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ে প্রবেশের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী সেখানে কর্মরত দীর্ঘদিনের পরিচিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অনেককে নাম ধরে ডেকে খোঁজখবর নেন।
দাফতরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.) সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে দীর্ঘ সময় পর তেজগাঁও কার্যালয়ে পুনরায় প্রশাসনিক কর্মকাণ্ডের পূর্ণ প্রাণচাঞ্চল্য ফিরে এল।

মন্তব্য করুন