যে শিক্ষা ব্যবস্থা দেশে বেকারত্ব বাড়িয়ে দিচ্ছে, তা বাতিল করে কর্মমুখী ও কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক স্তর থেকে পাঠদান পদ্ধতিকে আরও বাস্তবসম্মত ও যুক্তিনির্ভর করতে হবে। বিশেষ করে শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সময় এসেছে। বাংলা ভাষাকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিশ্ব দরবারে একে মর্যাদার সাথে প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি।

একই অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ছাড়া দেশ গঠন অসম্ভব। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা সারা দেশে ধারাবাহিকভাবে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব গ্রহণ করা এই দুই প্রতিনিধি শিক্ষা খাতের আমূল পরিবর্তনের পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতার বিষয়েও কঠোর হুঁশিয়ারি দেন। তারা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিটি দপ্তরকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হিসেবে দেখতে চান তারা। দক্ষ জনশক্তি গড়তে এবং জাতীয় সমৃদ্ধি অর্জনে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সরকারের এই দুই নীতিনির্ধারক।