আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে নতুন চুক্তির আওতায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করবে জাপান। এ জন্য বাংলাদেশ ও জাপানের মধ্যে ‘ইএসডিপি-এমওসি’ (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) চুক্তি সই হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার (১৮ অক্টোবর) এ তথ্য প্রকাশ করা হয় এবং গত ১৭ অক্টোবর চুক্তিটি চূড়ান্তভাবে সই হয়।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা স্বাক্ষর করেন।
প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য করা এ চুক্তির মেয়াদ পরে আরও পাঁচ বছর স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মী প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা হবে।’ তিনি আরও বলেন, এই চুক্তির আওতায় কর্মীরা জাপানি স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন এবং কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমান সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে চুক্তিটিকে বর্তমান সরকারের বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন