চরাঞ্চলের মানুষের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার এক পরিচিত নাম আলহাজ্ব আনোয়ার হোসেন মাঝি। ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করা এই জননেতার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ অক্টোবর স্মরণসভার আয়োজন করা হয়েছে।

শনিবার বিকেল ৩টায় ভেদরগঞ্জ উপজেলার চেয়ারম্যান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরণের।

জননেতা আলহাজ্ব আনোয়ার হোসেন মাঝি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় মরহুমের রাজনৈতিক জীবন, এলাকার মানুষের কল্যাণে তাঁর অবদান এবং বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করা হবে।

আয়োজকরা জানান, মানুষের সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আলহাজ্ব আনোয়ার হোসেন মাঝি যে স্মৃতি রেখে গেছেন, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তাঁরা সবার কাছে দোয়া চেয়েছেন এবং স্মরণসভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।