ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানায় আগুন লাগার তথ্য পায় তারা। খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে। এরপর একে একে আরও চারটি ইউনিট যোগ দেয়। পরিস্থিতি বিবেচনায় পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কারখানার ভেতরে প্লাস্টিকসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।