ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের আকাশপথে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে ইতোমধ্যে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। যদিও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি সীমিত পরিসরে আবার চালু করা হয়েছে।
বিমান চলাচলবিষয়ক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়ামের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ৪ হাজার ৭৩৬টি ফ্লাইটের মধ্যে বাতিল করা হয়েছে ৪ হাজার ৭১টি। অর্থাৎ এ সময়ে মোট ফ্লাইটের প্রায় ৮৬ শতাংশই চলাচল করেনি।
আল জাজিরার তথ্যমতে, হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাজধানী রিয়াদের আকাশ প্রায় ফাঁকা হয়ে গেছে। বিমানবন্দরে নির্ধারিত ফ্লাইটের বড় অংশ বাতিল করা হয়েছে।
চলতি মাসে সৌদি আরবে হামলা জোরদার করেছে হুতিরা। বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনাসহ বেসামরিক বিভিন্ন স্থাপনাও তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। জেদ্দার পর সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হলো রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। চলতি মাসেই কয়েক দফায় এই বিমানবন্দরে হামলা হয়েছে। এর মধ্যে গত ১০ অক্টোবরের হামলায় ১৩ জন নিহত হন।
গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। হামলার পর গত ১০ অক্টোবর থেকে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল। পরে রোববার (২৫ অক্টোবর) সীমিত পরিসরে তা আবার চালু করে সৌদি কর্তৃপক্ষ।

মন্তব্য করুন