জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেছেন, তাসনিম জারাকে তিনি অনেক সম্মান করেন এবং জোট ঘোষণার পরপরই তিনি পদত্যাগ করেন। ওই সময় জারা এনসিপির সর্বোচ্চ পরিষদের অংশ ছিলেন এবং নুসরাত তাবাসসুম ছিলেন এক্সিকিউটিভ বোর্ডের সদস্য।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত তাবাসসুম এসব কথা বলেন। তিনি জানান, জারার পদত্যাগ নিয়ে কখন কী হয়েছে, তা তাঁদের কাছে পরিষ্কার করা হয়নি—এ নিয়ে তিনি রাগান্বিত ছিলেন।
তাসনিম জারা জামায়াতের সঙ্গে জোট গঠনের আলোচনার অংশ ছিলেন উল্লেখ করে নুসরাত তাবাসসুম বলেন, আলোচনার পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তাঁর এই সিদ্ধান্তের পূর্ণ সমর্থন জানিয়ে নুসরাত তাবাসসুম আরও বলেন, এই বিষয়ে জারার রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা ও পরিকল্পনা যে কারোরই থাকতে পারে। শুধু জামায়াতের সঙ্গে জোটের কারণে জারা পদত্যাগ করেছেন—এ কথা বলা ভুল; এর পেছনে আরও অসংখ্য কারণ থাকার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, ত্রয়োদেশ জাতীয় নির্বাচনের আগে এনসিপিতে ভাঙন দেখা দেয়। দলটির প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনসহ সারা দেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এনসিপি থেকে পদত্যাগ করে দূরে সরে যান।
ওই সময় সামান্তা শারমিনসহ আরও কয়েকজন শীর্ষ নেতার দল থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়; তবে শেষ পর্যন্ত তাঁরা দল ছাড়েননি। নির্বাচনের পর থেকেই পদত্যাগীদের দলে ফেরানোর চেষ্টা করে আসছে এনসিপি। সম্প্রতি দলটির বেশ কিছু নেতার বক্তব্যে পদত্যাগীদের ফেরানোর বিষয়ে আগ্রহের কথা শোনা যায়।

মন্তব্য করুন