তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ভাবনী উদ্যোগ অর্থের অভাবে যেন থেমে না যায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ ঘোষণা দেন। রোববার দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীনতা অর্জন, জাতীয় সংকট মোকাবিলা এবং উন্নয়ন অগ্রযাত্রায় তরুণদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন বলে তিনি উল্লেখ করেন। এরপর তৃণমূল পর্যায়ে কার্যক্রম ছড়িয়ে দিতে ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর গঠন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে সব জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন বলেও জানান তিনি।
তারেক রহমান জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এ পর্যন্ত ৮০ লাখের বেশি তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় ২৫ লাখ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। তারা মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা বা তারও বেশি আয় করছেন। ২০২৬ সালের জুন পর্যন্ত যুব উদ্যোক্তাদের মধ্যে ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।
জাতীয় যুব পুরস্কারকে প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, জাতি গঠনে অবদানের স্বীকৃতি হিসেবে এ পর্যন্ত ৫৪৬ জন আত্মকর্মী ও যুব সংগঠককে এই সম্মাননা দেওয়া হয়েছে। এ বছর পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দনও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা জরুরি। সে লক্ষ্যে দায়িত্ব নেওয়ার পরপরই সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ প্রকল্প নিয়েছে। ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ পাচ্ছেন।
পরিবেশ রক্ষায়ও তরুণদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে তারা অবদান রাখছেন। একই সঙ্গে স্মার্ট কৃষি, রপ্তানিমুখী প্যাকেজিং, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও বিদেশি ভাষা শিক্ষাসহ সম্ভাবনাময় খাতে প্রশিক্ষণ সম্প্রসারণে গুরুত্ব দেন তিনি।
যুবসমাজকে নিজেদের প্রতিভা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নে আত্মনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতীয় যুব দিবসের সব কর্মসূচির সাফল্যও কামনা করেন তিনি।




মন্তব্য করুন