ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশ্রমিকরা। রোববার এই এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের পাঁচটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সকাল থেকেই মিরপুর ও আশপাশের এলাকা থেকে এসে সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এর ফলে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ এবং পল্লবীসহ আশপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অ্যাকশনে গেলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি পিকআপ ও একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এমনকি আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটে।

এই সংঘর্ষের জেরে শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

এদিকে পরিস্থিতি শান্ত করতে পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণের জন্য ৬ সদস্যের একটি মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। বিচারপতি শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে গঠিত এই বোর্ড দ্রুততম সময়ের মধ্যে নতুন মজুরি ঘোষণা করবে বলে বেলা সাড়ে ১১টার দিকে জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বোর্ড গঠনের দাবি পূরণ হওয়ায় শ্রমিকদের রাজপথ ছেড়ে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।