ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় যশোরে ১ কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় বিজিবি-৪৯ ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে এই অভিযান চালানো হয়। বিজিবি-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মো. সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক তিনজন হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের হাবিবুর রহমান (২৫), কেড়াগাছি গ্রামের সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের হেদায়রু রহমান (৩৮)।
বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তিনজনের শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়, যার বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন।
অভিযানে জব্দ করা প্রাইভেটকার ও স্বর্ণের বারসহ আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।



মন্তব্য করুন