রাজশাহীতে অনুষ্ঠিত এক বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ‘অপারেশন ডেভিল হান্টে’ ছোট-বড় সব শয়তানই ধরা পড়বে। কেউই এই অভিযান থেকে রেহাই পাবে না। তিনি বলেন, “যারা শয়তান, তারাই এই অভিযানে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাবে না। অপারেশন চলবে যতদিন না দেশ শয়তানমুক্ত হবে। তবে, কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়েছে।”
সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও যোগ করেন, “কারও বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দায়ের করা হয়, তবে সেগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয়, সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।”
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ছোলা ও খেজুরের সরবরাহ ভালো থাকায় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় থাকবে। দেশে সারের কোনো সংকট নেই, তবে কিছু অসাধু ডিলার কৃত্রিম সংকট তৈরি করছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে স্থানীয় জনগণের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভূমিকা প্রশংসনীয়। তবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।”
রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদুর রহমান ভূঁঞা, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার ইমরান ইবনে এ রউফ, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

মন্তব্য করুন