প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন হাবে রূপান্তরের লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ছয় গুণ বাড়িয়ে ৭৮ লাখ ৬০ হাজার টিইইউ’স-এ উন্নীত করা হবে। বর্তমানে এ সক্ষমতা ১২ লাখ ৭০ হাজার টিইইউ’স। বিশ্বের অভিজ্ঞ বন্দর ব্যবস্থাপনা কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে, যা সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।
শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হাব ৩০-৪০ কোটি মানুষের জন্য পণ্য উৎপাদন ও রপ্তানি করবে, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াবে। রপ্তানি সহজ করতে বন্দরের দক্ষতা বাড়ানো জরুরি, কারণ বর্তমানে কনটেইনার হ্যান্ডলিংয়ে বাংলাদেশে ৫ মিনিট লাগে, যেখানে দুবাইয়ে ১ মিনিট।
মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর প্রসঙ্গে শফিকুল বলেন, জাতিসংঘের উদ্যোগ ও মিয়ানমারের সম্মতি সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। রোহিঙ্গা ইস্যুতে আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, তারা রোহিঙ্গা নাম এড়িয়ে গেছে, যা তাদের অধিকার অস্বীকারের প্রমাণ।
সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, অপরাধের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে।

মন্তব্য করুন