সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে গুলি করে হত্যা করা হয় এমআইএসটির শিক্ষার্থী আস-হাবুল ইয়ামিনকে। এ ঘটনায় অভিযুক্ত ও দীর্ঘদিন পলাতক পুলিশ কর্মকর্তা এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত এক মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটরের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার ‘জুলাই আন্দোলনে’ অংশ নিয়ে শহীদ হন আস-হাবুল ইয়ামিন। আন্দোলনের সময় পুলিশের একটি সাঁজোয়া যান থেকে তাকে টেনে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ইয়ামিন ছিলেন এমআইএসটির কম্পিউটারবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং সাভারের ব্যাংক টাউন এলাকার বাসিন্দা।

মন্তব্য করুন