প্রধান উপদেষ্টা ড. ইউনূস মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভায় ঘোষণা দেন যে, আগামী নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকার প্রস্তুত। তিনি নির্বাচনের সময়সূচি ইতোমধ্যে ঘোষণা করেছেন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।

সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, বিশেষত পাসপোর্ট সংক্রান্ত জটিলতা, দূতাবাসে সেবার গুণগত মান বৃদ্ধি এবং অনিয়মিত প্রবাসীদের নিয়মিতকরণের বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা প্রবাসীদের অর্থনীতিতে অবদানের প্রশংসা করে বলেন, “দেশের অর্থনীতি এখন স্থিতিশীল অবস্থায় ফিরেছে, যেখানে আপনাদের ভূমিকা অপরিসীম।”

এছাড়া, প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ ও ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল সেবা প্রদানের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলসহ বিভিন্ন স্তরের প্রবাসী প্রতিনিধিগণ এ সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box