রাজধানীর হাতিরঝিলে বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কাছে যুবদল পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে মরহুম খন্দকার আব্দুল হামিদ ডাবলুর স্ত্রী তানজিন হামিদ মিতুলের কাছ থেকে চার যুবক ৮০ হাজার টাকা নগদ এবং ২০ হাজার টাকার একটি চেক আদায় করেন। অভিযুক্তরা নিজেদের যুবদল কর্মী পরিচয় দিয়ে নয়াটোলা গ্রীনওয়ে এলাকার একটি ফ্ল্যাটে গিয়ে চাঁদা দাবি করেন।
তানজিন হামিদ মিতুল জানান, রাত ১০টা ৩৫ মিনিটে তার বড় বোন জরুরি ভিত্তিতে এক লাখ টাকা চাওয়ায় তিনি রাত ১১টা ২০ মিনিটে ফ্ল্যাটে যান। সেখানে চার যুবক উপস্থিত ছিলেন। তাদের একজন কোমরে থাকা দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং এক লাখ টাকা দাবি করেন।
তিনি বলেন, “ভয়ে আমি রাত ১১টা ৫৭ মিনিটে মগবাজার সিটি ব্যাংকের বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে সানিকে দিই এবং ২০ হাজার টাকার একটি চেক প্রদান করি।”
পরদিন শনিবার রাত ১২টা ২০ মিনিটে অভিযুক্তরা আবারও ফ্ল্যাটে গিয়ে বাসা খালি করার হুমকি দেন। তারা বলেন, আগামী মাসের মধ্যে বাসা না ছাড়লে তার বোন ও সন্তানদের হত্যা করা হবে।
তানজিন হামিদ মিতুল জানান, “আমি আমার শ্বশুর খন্দকার দেলোয়ার হোসেনের পরিচয় দিয়েছি। স্বামী ও দেবরের পরিচয়ও জানিয়েছি। এরপরও তারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে।”
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি, তদন্ত প্রক্রিয়া চলছে।”
উল্লেখ্য, খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির ষষ্ঠ মহাসচিব ছিলেন। তিনি ভাষা আন্দোলনে ভূমিকার জন্য একুশে পদকে ভূষিত হন এবং পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্তব্য করুন