নোয়াখালী, ২৬ অক্টোবর: মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার মধ্যরাত থেকে সাগরে নেমেছেন হাতিয়ার জেলেরা। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জালে ধরা পড়েছে প্রচুর ইলিশ, ফলে ভোর থেকেই কর্মচাঞ্চল্যে ভরে উঠেছে স্থানীয় মাছঘাটগুলো।

রবিবার সকালে হাতিয়ার বুড়িরচর সূর্যমুখী ঘাটে গিয়ে দেখা যায়, জেলেরা নৌকা ভরে মাছ নিয়ে ফিরছেন, আর ব্যবসায়ীরা নিলামে ব্যস্ত সময় পার করছেন। শ্রমিকরা মাথায় টুকরি ভরে মাছ বাজারে তুলছেন, আর পাইকাররা সেগুলো কিনে নিচ্ছেন।

সূর্যমুখী ঘাটের মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন বলেন, “ভোর থেকেই বাজার জমে উঠেছে। জেলেরা কয়েক ঘণ্টার ব্যবধানে নদী থেকে ভালো মাছ নিয়ে ফিরেছেন।”

স্থানীয় জেলে আব্দুল কাদের জানান, রাত ১২টার পর নদীতে গিয়ে সকালে তিন মন ইলিশ নিয়ে ঘাটে ফিরেছেন। তিনি বলেন, “মাছ আকারে ছোট হলেও দাম ভালো, তাই লাভ হয়েছে। যদি এক সপ্তাহ এভাবে মাছ পাওয়া যায়, তবে আগের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।”

জেলেদের অভিযোগ ছিল, নিষেধাজ্ঞা ৪ অক্টোবরের পরিবর্তে ১৩ অক্টোবর থেকে শুরু করা উচিত ছিল, কারণ নিষেধাজ্ঞার আগে প্রচুর ইলিশ ধরা পড়েছিল। এছাড়া ভারতীয় জেলেদের আগ্রাসন ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপের দাবিও তুলেছিলেন তারা।

তবে সরকারি সিদ্ধান্ত মেনে ৪ অক্টোবর থেকেই জেলেরা মাছ ধরা বন্ধ করেন। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই ভালো মাছ পাওয়ায় জেলেদের মধ্যে যে হতাশা ছিল, তা কিছুটা কেটে গেছে। তারা আশা করছেন, এভাবে মাছ মিলতে থাকলে আগের ক্ষতি পুষিয়ে লাভবান হওয়া সম্ভব হবে।

Facebook Comments Box