শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বুধবার (৫ নভেম্বর) দুপুরে সংঘটিত এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে রাহাত কাইয়ুমকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে তাঁকে সংগঠনের সব স্তরের কার্যক্রম থেকে বিচ্ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়।

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, সরকারি কৃষি প্রণোদনার অর্থ না দেওয়ায় রাহাত কাইয়ুম উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর কার্যালয়ে ঢুকে তাঁকে থাপ্পড় মারেন এবং এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় তাঁর সহযোগী ছাত্রদলকর্মী ফজলুও হামলায় অংশ নেন। পরে ভুক্তভোগী কর্মকর্তা নকলা থানায় মামলা দায়ের করেন, যেখানে রাহাত কাইয়ুম ও ফজলুকে আসামি করা হয়।

অভিযুক্ত রাহাত কাইয়ুম (৩৫) নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের সুরুজ মোওলার ছেলে এবং তাঁর সহযোগী ফজলু (৩২) একই গ্রামের সিরাজুল হকের ছেলে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় এবং সংগঠন দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

—

Facebook Comments Box