জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগামী তিন-চার দিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আইন সহায়তা অধ্যাদেশ সংশোধন বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা প্রত্যাশা করেছিলাম রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে। কিন্তু আমরা শুধু অপেক্ষা করিনি, নিজেদের মতো কাজ করেছি। উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। সব দলের প্রত্যাশা সমন্বয় করে যা প্রয়োজন, সেটাই করা হবে।”

সভায় উপস্থাপিত হয় আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া। এতে জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত সংশোধনীতে অন্তর্ভুক্ত রয়েছে: অধিদপ্তরের দায়িত্ব ও কার্যাবলি, উপদেষ্টা পরিষদ ও মহানগর কমিটি গঠন, বেসরকারি সংস্থার কর্মক্ষেত্র নির্ধারণ এবং মধ্যস্থতাকারীদের অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট।

সংস্কার প্রসঙ্গে ড. আসিফ বলেন, “রাতারাতি সব সংস্কার সম্ভব নয়। সংবিধান কোনো ম্যাজিক নয়—রাজনৈতিক সংস্কৃতি ও জনমানস না বদলালে কিছুই বদলাবে না।”

Facebook Comments Box