আসন্ন নির্বাচনকে সামনে রেখে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন সংবাদমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ফেসবুকের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন। জুলকারনাইন বলেন, নির্বাচন বানচাল করে দেশকে চরম অস্থিতিশীল করতে একটি বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করবে।
তিনি উল্লেখ করেন, আন্ডারওয়ার্ল্ড এবং কুষ্টিয়া-মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ একজোট হয়েছে। তারা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থী, কেন্দ্রীয় নেতা এবং এলাকার জনপ্রিয় নেতাদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে।
জুলকারনাইনের দাবি অনুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি সুব্রত বাইনের হ্যান্ডলার ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল এবং চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল—এই তিনজন সম্প্রতি টেলিফোন কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে আলোচনা করেছেন।
তিনি আরও জানান, সুব্রত বাইন কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে প্রথমে পিচ্চি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে তার মেয়ে সিনথিয়া বিতু নেপালে পলাতক বিডিআর মামলার আসামি লেদার লিটন, পিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাঈদ ও দিপুর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। এই অস্থিতিশীল পরিস্থিতির মোকাবিলায় একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জুলকারনাইন।

মন্তব্য করুন