বিশ্ব শান্তি রক্ষা কার্যক্রমে নিয়োজিত থাকাকালীন সুদানের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের (ইউএনআইএসএফএ) একটি ঘাঁটিতে সংঘটিত নৃশংস সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন নির্ভীক সদস্য শহীদ হয়েছেন। এই একই হামলায় আরও আটজন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন বলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে আবেই অঞ্চলের কাদুগলি লজিস্টিক ঘাঁটিতে একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এই অতর্কিত হামলা চালায়। কর্তব্যরত অবস্থায় ড্রোন হামলায় শান্তিরক্ষীরা হতাহত হন।

শাহাদাতবরণকারীরা হলেন কর্পোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মন্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া। তাঁদের এই আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রতিশ্রুতির এক গৌরবময় প্রতীক হয়ে থাকবে।

আহত আটজন শান্তিরক্ষীর মধ্যে সৈনিক মো. মেজবাউল কবীরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁর অস্ত্রোপচার সম্পন্ন করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, কর্পোরাল আফরোজা পারভিন ইতি-সহ অপর সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে অন্যস্থানে স্থানান্তর করা হয়েছে এবং তাঁরা সবাই শঙ্কামুক্ত আছেন।

বাংলাদেশ সেনাবাহিনী এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেছে। একইসঙ্গে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

Facebook Comments Box