মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ রোববার (১৪ ডিসেম্বর) রাতে নিশ্চিত করেছে, আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরাসরি নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাঁর চিকিৎসার সমস্ত ব্যয়ভার রাষ্ট্র বহন করবে বলে জানানো হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রেস উইং আরও জানায়, আজ সকালে প্রধান উপদেষ্টার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি টেলিফোন কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ওসমান হাদিকে দেশের বাইরে পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। গত দুই দিন ধরে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কয়েকটি শীর্ষস্থানীয় হাসপাতালের সাথে তার চিকিৎসার বিষয়ে যোগাযোগ করছিল।

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল ও অপরিবর্তিত রয়েছে। তবে উন্নত চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে বিলম্ব না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষ চিকিৎসক দল ও ভ্রমণ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুরের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার সমস্ত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও প্রেস উইং উল্লেখ করেছে।

প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদির সামগ্রিক চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box