ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার প্রধান সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে নরসিংদীতে ফয়সালের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে হুমায়ুনকে হেফাজতে নেওয়া হয়। অভিযান চলাকালে একটি পুকুর থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র‍্যাব সদস্যরা।

তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশাযোগে যাওয়ার সময় হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মোটরসাইকেলে আসা দুই হামলাকারীর মধ্যে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান সরাসরি গুলি করেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

হামলার পর থেকেই গা-ঢাকা দিয়ে আছেন মূল শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীর হোসেন। তবে এই ঘটনায় ইতিমধ্যে ফয়সালের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো হাদিকে লক্ষ্য করে চালানো গুলিবর্ষণে ব্যবহৃত হয়েছিল কি না, তা নিশ্চিত হতে ব্যালেস্টিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পলাতক মূল অভিযুক্তদের ধরতে রাজধানীসহ বিভিন্ন জেলায় অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box