নোয়াখালী সদর উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়াকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কাদির হানিফ ইউনিয়নের বায়তুল মাল জামে মসজিদে ইমামের ওপর চড়াও হয় একদল ব্যক্তি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের মোনাজাতে ইমাম সাহেব হাদির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন। নামাজ শেষে সুন্নতের বিরতির সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মী ফখরুল ও আনোয়ারের নেতৃত্বে একদল লোক ইমামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে।
মসজিদে এমন আচরণের প্রতিবাদ করতে এগিয়ে আসেন নুরুন্নবী নামের এক সাধারণ মুসল্লি। এসময় হামলাকারীরা তার ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে। পরে উপস্থিত অন্যান্য মুসল্লিরা একযোগে এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।
গুরুতর আহত নুরুন্নবীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ঘটনার বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, মসজিদে হামলার ঘটনায় ইতিমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। তার মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে দোয়া ও শোকসভা পালিত হলেও নোয়াখালীতে দোয়া করা নিয়ে এই সংঘাতের সৃষ্টি হলো।

মন্তব্য করুন