আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দেওয়া তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে।

অনুষ্ঠানে মনি মন্তব্য করেন, হাদিকে তাঁর কাছে একটি গুরুত্বপূর্ণ ‘গিনিপিগ’ ছাড়া আর কিছু মনে হয়নি। তিনি হাদির জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণ এবং সংগঠনের শক্তি নিয়ে প্রশ্ন তুলে একে ‘নির্বাচন বানচাল করার চেষ্টা’ হিসেবে অভিহিত করেন। সঞ্চালক তাঁকে আপত্তিকর শব্দ ব্যবহার না করতে অনুরোধ করলেও তিনি তাঁর অবস্থানে অনড় থাকেন।

একই অনুষ্ঠানে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট হুমায়রা নূর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, হাদি কোনো নিবন্ধিত দলের নেতা ছিলেন না; তিনি সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে লড়াই করা একজন প্রতিনিধি ছিলেন। তাঁর জানাজায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছিলেন, কোনো দলের ডাকে নয়।

মনির এই মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে। এনসিপির জয়নাল আবেদিন শিশিরসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারা এই বক্তব্যকে ‘অমর্যাদাকর’ বলে আখ্যা দিয়েছেন। তাঁরা অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) পক্ষ থেকেও বিষয়টির কঠোর সমালোচনা করা হয়েছে। সংগঠনটির নেতারা মনে করছেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেত্রীর কাছ থেকে এমন অসংবেদনশীল বক্তব্য অনভিপ্রেত। এই ইস্যুতে বিএনপির অবস্থান পরিষ্কার করার দাবিও তুলেছেন অনেকে।

Facebook Comments Box