দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের দিনে তাকে স্বাগত জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই অভিনন্দন জানান। পোস্টে একটি গণমাধ্যমের ফটোকার্ড যুক্ত করে সোহেল তাজ তারেক রহমানের প্রতি শুভকামনা ব্যক্ত করেন।

ফেসবুক বার্তায় সোহেল তাজ লেখেন, “আবারও স্বাগতম! বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।” তার এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

রাজনৈতিক মহলে সোহেল তাজের এই শুভেচ্ছাবার্তাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরা এবং দেশের বর্তমান রাজনৈতিক পুনর্গঠনের সময়ে এই আহ্বানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box