বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গত ৫৫ বছর ধরে এই এলাকা উন্নয়নের দিক থেকে চরম অবহেলিত। সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবেই এ অঞ্চলের মানুষ বৈষম্যের শিকার হয়েছে। আমি এই নষ্ট ও অবহেলার রাজনীতিতে আর থাকতে চাই না।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর, ইদেলকাঠি ও রাকুদিয়া নতুনহাট এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ সতর্ক করে বলেন, দেশে আবারও ফ্যাসিস্ট সরকারের উত্থান ঠেকাতে হলে পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। আর সেই পরিবর্তনের জন্য ‘ঈগল’ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার গঠন করা এখন সময়ের দাবি। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তেই জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মাঠে নেমেছে।

পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম এবং এবি পার্টির জেলা সদস্য সচিব জিএম রাব্বিসহ জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

Facebook Comments Box