ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খাগড়াছড়ি জেলার সব উপজেলায় ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে এসব সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।
পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে জেলার ৯টি উপজেলার উপজেলা নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ উপজেলার জন্য বরাদ্দকৃত ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম গ্রহণ করেন। জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিন এসব সামগ্রী হস্তান্তর করেন।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, জেলার ৯টি উপজেলার গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যালট পেপার ও নির্বাচন উপকরণ সরবরাহ করা হয়েছে। উপজেলা পর্যায় থেকে আগামী ১১ ফেব্রুয়ারি কেন্দ্রভিত্তিকভাবে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সময়সূচি মেনে সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, স্বতন্ত্রসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন।
Facebook Comments Box

মন্তব্য করুন