বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি এই রমজান মাসেই পরীক্ষামূলকভাবে (পাইলট প্রজেক্ট) চালু হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় ঈদুল ফিতরের আগেই এই প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী, দেশের প্রায় ৪ কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রাথমিক পর্যায়ে হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হলেও পর্যায়ক্রমে এটি মধ্যবিত্তসহ সবার জন্য ‘সার্বজনীন’ হিসেবে উন্মুক্ত করা হবে।

ফ্যামিলি কার্ডের কার্যপদ্ধতি ও বন্টন প্রক্রিয়া তদারকির জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বর্তমানে চলমান অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা ভাতাগুলোও এই কার্ডের পাশাপাশি সচল থাকবে। তবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তার পরিমাণ বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি করার পরিকল্পনা রয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো সরাসরি নগদ অর্থ (মাসিক ২,০০০ থেকে ২,৫০০ টাকা) এবং ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রয়ের সুবিধা পাবে। মূলত স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে সুবিধাভোগীদের হাতে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

Facebook Comments Box