টানা ৫৫৯ দিন রাষ্ট্র পরিচালনার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে বিদায় নিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে দায়িত্ব ছাড়লেও তিনি বর্তমানে স্ত্রী ও মেয়েসহ রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’তেই অবস্থান করছেন। তার ঘনিষ্ঠ সূত্র এবং প্রশাসন সূত্রে জানা গেছে, আর বড়জোর এক সপ্তাহ তিনি এখানে থাকবেন।
মূলত গুলশানে ড. ইউনূসের ব্যক্তিগত বাসভবনে বর্তমানে কিছু সংস্কার কাজ (রিনোভেশন) চলছে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি যমুনাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ডিএমপির রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান নিশ্চিত করেছেন যে, এক সপ্তাহ পর তিনি সপরিবারে গুলশানের বাসায় ফিরে যাবেন। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের পর কোনো রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই তিনি যমুনায় ফিরে যান।
এদিকে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারি বাসভবন হিসেবে ‘যমুনা’কেই বেছে নিয়েছেন। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, ড. ইউনূস ভবনটি খালি করে দেওয়ার পর সেখানে প্রধানমন্ত্রীর চাহিদা অনুযায়ী কিছু সংস্কার কাজ করা হবে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, “ভবনটি খালি পাওয়ার পর আমরা এক মাসের মধ্যে তা ব্যবহারের উপযোগী করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বসবাসের উপযোগী করে তুলতে ভবনটিতে নতুন করে কিছু নিরাপত্তা ও সাজসজ্জার কাজ করা হবে। এই কাজ সম্পন্ন হতে মাস দুয়েক সময় লাগতে পারে বলে ধারণা করা হলেও দ্রুততম সময়ে তা শেষ করার চেষ্টা চলছে। ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রবিন্দু ছিল এই ঐতিহাসিক ভবনটি।

মন্তব্য করুন