শরীয়তপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ইটের পরিমাপ নিয়ন্ত্রনে অভিযান শুরু করেছে। অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জানিুয়ারি) শরীয়তপুর সদর উপজেলার কয়েকটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা সুজন কাজী। এ সময় ইটের পরিমাপে কারচুপির অপরাধে মেসার্স কেবিএম ব্রিক্সকে জরিমানা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শরীয়তপুরে অবস্থিত ইট ভাটাগুলো কারচুপির মাধ্যমে ইট তৈরী ও বাজারজাত করে গ্রাহকদের সাথে প্রতারণা করছে সংবাদে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিলক্ষিত হয় গত বছরের তুলনায় এবছর ইটের আকার আকৃতিতে আশানুরূপ পরিবর্তন হয়েছে। তারমধ্যে মেসার্স কেবিএম ব্রিক্স ইটের পুরুত্ব কম দিয়ে ইট প্রস্তুত করছে। যাতে ভোক্তাগণের সাথে এক ধরনের প্রতারণা ও ঠকানোর মতো অপরাধের শামিল। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারা অনুসারে মেসার্স কেবিএম ইট ভাটাকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও জরিমানার টাকা আদায় করা হয়।
ইট প্রস্তুতকারক উক্ত প্রতিষ্ঠানকে আগামী ২২ জানুয়ারীর মধ্যে সঠিক পরিমাপের ইট তৈরির সকল ব্যবস্থা সম্পন্ন করার জন্য বলা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কনজ্যুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশ এর একটি টিম।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সুজন কাজী বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি জেলা প্রশাসক কাজী আবু তাহের এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের অনুমতিক্রমে ও সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন