শরীয়তপুরে গণপূর্ত বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মাদ আবু হানিফ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট শরীয়তপুর আধুনিক সদর হাসপাতালের নির্মাণাধীন নতুন ভবন পরিদর্শন করেন।
এর আগে তিনি শরীয়তপুর গণপূর্ত বিভাগের প্রকৌশলী ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন।
শরীয়তপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মুহিবুর রহমান, পিইঞ্জ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মশিউর রহমান ও পিএনডি কাশেফ আমিনুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী কাজী মোহাম্মাদ আবু হানিফ বলেন, ‘শেখার কোন শেষ নেই। আমি এখনো প্রতিনিয়ত শিখছি। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন নতুন আধুনিক প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। বহুতল ভবন নির্মাণ হচ্ছে। যেকোনো সময় সরকারি বড় বড় কাজের দায়িত্ব আমাদেরকে দেওয়া হতে পারে। এই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এজন্য আমাদের প্রতিনিয়ত শিখতে হবে। সময়ের সাথে আমরা যদি আপডেট হতে না পারি তাহলে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারব না।’
এসময় শরীয়তপুর গণপূর্ত বিভাগের প্রকৌশলী, কর্মচারী, ঠিকাদার ও শরিফ মেটালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রকৌশলী কাজী মোহাম্মাদ আবু হানিফ শরীয়তপুর সদর হাসপাতালে নির্মাণাধীন ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক বহুতল ভবন পরিদর্শন করেন। এ সময় প্রকৌশলী মোঃ মহিবুর রহমান, পিইঞ্জ, প্রকৌশলী মোঃ মশিউর রহমান ও প্রকৌশলী কাশেফ আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন