শরীয়তপুরের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (১২ ডিসেম্বর) পেঁয়াজের কৃত্রিম মূল্য বৃদ্ধি রোধে অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। সিন্ডিকেট করে কতিপয় অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়েছেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।

জেলা প্রশাসকের নির্দেশে শরীয়তপুরের জাজিরা, ভেদরগঞ্জ, গোসাইরহাট, ডামুড্যা ও নড়িয়া উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারগুলোতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ টি মামলায় ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, পেঁয়াজ আমদানি বন্ধের খবরে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমে ভোক্তা হয়রানি বন্ধে ও মূল্য স্বাভাবিক করতে জেলার সকল হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আমদানির পরিমাণ বাড়ানো, দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং জোরদার করা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।

 

Facebook Comments Box