আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ -এই প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, শরীয়তপুর।
জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবালের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমীন। এছাড়াও সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা , সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যা শিক্ষার্থীগন উপস্থিত ছিল।
সভায় বক্তারা বলেন, কন্যা শিশু সমাজের বোঝা নয়। কন্যাশিশুকে সঠিকভাবে লালনপালন করলে তারাই বড় হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অবদান রাখতে পারবে। শিশুদের সামাজিক ও পারিবারিক বৈষম্য দূরীকরণে প্রত্যেক নাগরিককে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে পরিবার। কন্যাশিশু প্রতিটি পরিবারের জন্য আশীর্বাদ। নিপীড়ন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অবিচার থেকে কন্যা শিশুদের সুরক্ষার দায়িত্ব সমাজ ও পরিবারের দায়িত্বশীলদের নিতে হবে।

মন্তব্য করুন