শরীয়তপুরের চিকন্দী আইনজীবী সমিতি ভবন ও অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির মোল্লার চেম্বারে বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে চিকন্দী আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চিকন্দী আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক এড. জালাল আহমেদ সবুজ, এড. রুবায়েত আনোয়ার মনির মোল্লা, এড. হেলাল আকনসহ সমিতির সদস্যরা।
বক্তারা বলেন, শনিবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে দুর্বৃত্তরা আইনজীবী সমিতি ভবন ও এড. রুবায়েত মনির মোল্লার চেম্বারে বোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা অভিযোগ করেন, আগামী ১৩ নভেম্বর সরকার দল আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে একটি নিষিদ্ধ সংগঠন জনমনে ভীতি ছড়ানোর উদ্দেশ্যে এ ধরনের নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, আইনজীবী সমাজের নিরাপত্তা ও বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষায় প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে বলে জানা গেছে।

মন্তব্য করুন