বাঙালির শ্রেষ্ঠ অর্জনের দিন বিজয় দিবসের ভোরে শরীয়তপুরের নিয়ামতপুর গ্রামে নেমে এসেছে বিষাদের ছায়া। রণাঙ্গনের বীর সেনানী আব্দুল মান্নান খানের কবরে রাতের অন্ধকারে আগুন দিয়ে পালিয়ে যায় একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত।

২০১০ সালে চিরবিদায় নেয়া এই বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থলে সোমবার গভীর রাতে কাঠের স্তূপ সাজিয়ে অগ্নিসংযোগ করা হয়। আজ সকালে নিভতে থাকা আগুনের অবশিষ্টাংশ ও ধোঁয়া দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা।

ঘটনার আকস্মিকতায় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ নড়েচড়ে বসেছে। জেলা প্রশাসক তাহসিনা বেগম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল আজিজ সিকদার এই ঘটনাকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি চরম অবমাননা হিসেবে অভিহিত করেছেন। বীরের সমাধিতে এমন ন্যাক্কারজনক হামলায় পুরো এলাকায় বর্তমানে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

Facebook Comments Box