শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক এলাকার গোলার মাঠে অবস্থিত মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা-এর বার্ষিক পরীক্ষা উপলক্ষে পুরস্কার বিতরণ, হামদ-নাত, পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিবেশনায় পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ ও নাত অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক পরীক্ষায় কৃতকার্য ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ শাহাদাত হোসাইন বলেন, কুরআনের হাফেজ গড়ে তোলা শুধু একটি শিক্ষামূলক কাজ নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ দ্বীনি দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের কুরআন শিক্ষা অব্যাহত রাখার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন