বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেবল নির্বাচনী প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নয়—প্রতিশ্রুতির বাস্তবায়নই দলটির রাজনীতির মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন শরীয়তপুর–৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের নাগেরপাড়া ইউনিয়নের মুন্সীর হাটে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেন, অতীতের শাসনামলের অভিজ্ঞতা ও উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা সামনে রেখে বিএনপি দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে চায়। জনগণের রায়ে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শরীয়তপুর জেলার অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান খাতে পরিকল্পিত ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে আগামী দুই বছরের মধ্যেই শরীয়তপুর জেলায় উন্নয়নের স্পষ্ট ও দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাবে।
শান্তিপূর্ণ রাজনীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “শরীয়তপুরে আমরা কোনো হিংসা ও বিদ্বেষের রাজনীতি চাই না। বিভাজন নয়, ঐক্যই আমাদের লক্ষ্য। আমরা শান্তির মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করতে চাই।”
তিনি বলেন, দেশের জনগণ এখন প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়। মানুষ আর কথার ফুলঝুরি নয়, কাজের মাধ্যমে প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। সেই প্রত্যাশা পূরণে বিএনপি জনগণের পাশে থেকে দায়িত্বশীল রাজনীতি করতে দৃঢ়প্রতিজ্ঞ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
এর আগে দিনব্যাপী তিনি নাগেরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং স্থানীয় সমস্যা ও চাহিদার কথা শোনেন।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন