শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে এ সামাদ ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব কামাল হোসেন ঝন্টু সিকদার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে ইফতার ও মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ডামুড্যা বাসস্ট্যান্ড সংলগ্ন এ সামাদ ইসলামী একাডেমি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এলাকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং নৈতিক শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তব্যকালে কামাল হোসেন ঝন্টু সিকদার বলেন, “একটি শিক্ষিত জাতিই পারে একটি উন্নত সমাজ গড়তে।” তিনি আরও বলেন, এ সামাদ ইসলামী একাডেমি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ডামুড্যাবাসীর দোরগোড়ায় আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বিত পরিবেশ নিশ্চিত করা। একাডেমির শিক্ষার্থীদের সাম্প্রতিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে তিনি এ ধারা অব্যাহত রাখতে জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ইউপি চেয়ারম্যানগণ ডামুড্যার শিক্ষা খাতে তার অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন, এ সামাদ ইসলামী একাডেমি এ অঞ্চলের শিক্ষার প্রসারে একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box