শরীয়তপুরে বিচার বিভাগ, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে এ কনফারেন্সের আয়োজন করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শরীয়তপুর।

কনফারেন্সের ফোকাল পার্সন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে শরীয়তপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে কর্মরত ম্যাজিস্ট্রেটবৃন্দের পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী মান্নান, পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ শেখ মনিরুজ্জামান মিঠু, পুলিশ সুপার শরীয়তপুরের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর হোসেন (পিপিএম), র‍্যাব-৩ এর সিনিয়র কমান্ডার মোঃ তারিক রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সুমান কুমার পোদ্দার, শরীয়তপুর সদর হাসপাতালের আরএমও ডা. মিতু আক্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পিপি মৃধা নুজরুল কবির, জেল সুপার মোঃ বজলুর রশীদসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কনফারেন্সের শুরুতে স্বাগত বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান বলেন, সকল মানুষের আইনের আশ্রয় লাভ এবং ন্যায়বিচার প্রাপ্তির অধিকার প্রতিষ্ঠায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি, পুলিশ বিভাগ ও তদন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ও কার্যকর আইনানুগ ভূমিকা অপরিহার্য।

পরে উন্মুক্ত আলোচনা পর্বে পুলিশের বিভিন্ন বিভাগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে নিয়মিত কার্যক্রমে আইনগত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় মামলার তদন্ত কার্যক্রমে গতি বৃদ্ধি, বিচারিক প্রক্রিয়ায় সমন্বয়, আইনগত জটিলতা নিরসন এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে করণীয় বিষয়ে আলোচনা হয়।
শেষে উত্থাপিত সমস্যাসমূহ নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। কনফারেন্সে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Facebook Comments Box