ইলিশের প্রজনন মৌসুমে জাটকা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

সেই ধারাবাহিকতায় শরীয়তপুরের মেঘনা নদী-তে পরিচালিত বিশেষ অভিযানে জাটকা ইলিশ নিধনের সময় চার জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
‘ইলিশ অভয়াশ্রম অভিযান-২০২৬’ উপলক্ষে গত ১ মার্চ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে নরসিংহপুর পুলিশ ফাঁড়ি-এর একটি টিম গোসাইরহাট থানা এলাকার অন্তর্গত নদী অংশে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা ধরার সময় চার জেলেকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আহিম আলী (৫৫), মোজ্জাফর (৩৫), আব্দুল মালেক (৫৫) ও হোসেন মাঝি (৫৩)। তাদের বাড়ি গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে। পুলিশ জানিয়েছে, জব্দকৃত কারেন্ট জাল আইন অনুযায়ী ধ্বংসের প্রক্রিয়া গ্রহণ করা হবে এবং আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযান চলাকালে নদীপথে বেপরোয়া গতিতে চলাচলের অভিযোগে একটি বাল্কহেড আটক করা হয়। এ ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধি আইনে পৃথক মামলা রুজু হয়েছে।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট সকলকে ‘ইলিশ অভয়াশ্রম অভিযান-২০২৬’-এর সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহলের মতে, জাটকা রক্ষা করা সম্ভব হলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং জেলেদের টেকসই জীবিকা নিশ্চিত হবে।

Facebook Comments Box