শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের একটি গরুর খামার থেকে সাতটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার বিলাসপুর ইউনিয়নের বুধাইরহাট বাজার সংলগ্ন সৈয়দ তাজুল ইসলামের বাড়ির গরুর খামারে অভিযান চালিয়ে এই হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সৈয়দ তাজুল গ্রুপ এবং স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির বেপারী গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে বুধাইরহাট বাজার এলাকায় দুটি হাতবোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় দুই পথচারী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অভিযোগের প্রেক্ষিতে জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সালামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে তাজুল ইসলামের বাড়ির পেছনে গরুর খামার থেকে একটি বালতিতে লুকিয়ে রাখা সাতটি হাতবোমা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ইউপি সদস্য নাসির বেপারী বলেন, “আমি ওই সময় আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম। ফিরে এসে জানতে পারি, তাজুল ইসলামের নেতৃত্বে তার ছোট ভাই সাব্বিরসহ কয়েকজন আমার বাড়ির দিকে হাতবোমা নিক্ষেপ করেছে এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করছি।”

তবে এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ তাজুল ইসলাম বলেন, “আমার বাড়ির পেছনে গরুর খামারের কাজ চলছে। সেখানে কারা বোমা রেখেছে, তা আমার জানা নেই। তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।”

ঘটনার বিষয়ে জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সালাম জানান, “আমরা উদ্ধারকৃত বোমাগুলোর বিষয়ে তদন্ত করছি। যারা এর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, এ ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ নজরদারি বাড়িয়েছে।

Facebook Comments Box