মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে টানা দুই ঘণ্টা ধরে চলা এই সহিংসতায় ৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর যৌথবাহিনী অভিযান চালিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য নিয়ে আক্তার হাওলাদার ও হাসান মুন্সি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় চর কুকরাইল জজ কোর্ট এলাকায় আক্তার হাওলাদার পক্ষের রানা বেপারীর ওপর হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির অনুসারী শাকিব ও টুটুলসহ একদল কিশোর। হামলায় রানার ডান হাত ভেঙে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরই জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো এলাকা এসময় ককটেল বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে। সংঘর্ষে আহত রনি মুন্সি, রনি হাওলাদার ও রাশেদকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পর যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box