ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলায় সরকারি বনভূমি দখলমুক্ত করার নামে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজ্য প্রশাসন। দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলের প্রায় এক হাজার ১৪০ বিঘা (৩৭৬ একর) জমি থেকে কথিত ‘অবৈধ দখলদারদের’ সরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে অন্তত ৫৮০ পরিবার উৎখাতের মুখে পড়েছে, যাদের অধিকাংশই বাংলাভাষী মুসলমান।

গোয়ালপাড়ার ডেপুটি কমিশনার প্রদীপ তিমুং ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, দুই সপ্তাহ আগে নোটিশ দেওয়ার পর প্রায় ৭০ শতাংশ পরিবার এলাকা ছেড়ে গেছে। বাকিদের উচ্ছেদে বিপুল আইনশৃঙ্খলা বাহিনী, এক্সক্যাভেটর ও ট্রাক্টর মোতায়েন করা হয়েছে। পুরো অঞ্চলকে পাঁচটি ব্লকে ভাগ করে অভিযান চালানো হচ্ছে। তবে একটি এলাকায় প্রতিরোধের মুখে পড়েছে প্রশাসন।

তিনি আরও জানান, গুয়াহাটি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালিত হচ্ছে। যদিও এ বিষয়ে আদালতে একাধিক পিটিশনের শুনানি এখনো চলমান।

মানবাধিকারকর্মীরা বলছেন, আসামে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমবিরোধী নীতি জোরদার হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে স্থানীয় বাংলাভাষী মুসলমানদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে তাদের উচ্ছেদ করে সীমান্তের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠছে।

এই অভিযানকে কেন্দ্র করে আসামে আবারও সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে। আন্তর্জাতিক মহলও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

Facebook Comments Box