শরীয়তপুরে মুজিববর্ষ উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে তিনদিন ব্যাপী চরভাগা আন্ত-প্রাথমিক ও আন্ত-মাধ্যমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। শনিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় সখিপুরের বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহনে এই আন্ত:প্রাথমিক ও আন্ত:মাধ্যমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়। চলবে আগামী তিনদিন পর্যন্ত এবং পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এর উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
প্রকৌশলী আবুল হাশেম মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাফীস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া, সখিপুর থানা ইনচার্জ (ওসি) এনামুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু মুজিব সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়েছেন, যিনি সারা জীবন সংগ্রাম করেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতার জন্য, যাঁর কর্ম ও অবদান সারা বিশ্ববাসীর স্বীকৃতি আদায় করেছে, যার একটি ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে, যার প্রতি বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়ক ও মনীষী শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তাঁর শতবর্ষ উপলক্ষে সব আয়োজনে সেই উচ্চতা, মান ও মর্যাদা রক্ষা হওয়া উচিত। তাই আমাদের যথাযোগ্য মর্যাদায় সব ধরণের প্রগ্রাম করতে হবে।
বক্তারা বলেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয়’- বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।