শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় অভিযান চালিয়ে মোঃ কামাল হোসেন (৪২) নামের এক ভুয়া দন্ত চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন গোসাইরহাট উপজেলা প্রশাসন।

রবিবার (২৭ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটের সময় গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজারের বটতলা জামে মসজিদের সামনের মা ডেন্টাল ক্লিনিক থেকে তাকে আটক করা হয়েছে।

জানা যায়, মো.কামাল হোসেন নিজেকে দাঁত ও মুখগহ্বরের বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে ক্লিনিক খুলে বহুদিন ধরে প্রতারণা করে আসছেন। তিনি গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া গ্রামের মৃত আলী আহম্মদ তালুকদারের ছেলে।

অভিযানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত, গোসাইরহাট থানা পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা।

এ অভিযানে উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.হাফিজুর রহমান, এবং উপজেলা সহকারী সার্জন ডা.আবেদুর রহমান নিশাত, গোসাইরহাট কথিত ডাক্তার মো. কামাল হোসেনকে ডেন্টালের ভুয়া ডাক্তার হিসেবে শনাক্ত করে বলেন, মোঃ কামাল হোসেন প্রকৃত ডাক্তার না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা প্রদান করে আসছিল। এই ঘটনার সত্যতা পাওয়ায় গোসাইরহাট উপজেলা প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন।

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির সাংবাদিকদের বলেন, মা ডেন্টাল ক্লিনিক এর মালিক মোঃ কামাল হোসেন তিনি নিজেকে ডাক্তার হিসাবে পরিচয় দিয়েছেন যেটা বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলে দন্ডনীয় অপরাধ। তাই তাকে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯(১) ধারা লঙ্ঘন করায় ২৯(২) ধারা অনুসারে ১০দিন কারাদণ্ড ও ৫০০টাকা জরিমানা করা হয়েছে।