গোপালগঞ্জে সংঘর্ষ পরবর্তী উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউর সময়সীমা আবারও ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ বাড়ানোর ঘোষণা দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি ছিল। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

এদিকে, এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। ইতোমধ্যে নতুন করে ২০ জনসহ মোট ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশের কঠোর নজরদারি ও টহল অব্যাহত রয়েছে। আতঙ্কের মধ্যেই চলছে দ্বিতীয় দিনের কারফিউ।