গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় নতুন করে আরও ১১৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৬৪ জনে। জেলা পুলিশের পাঁচটি থানা—সদর, মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গীপাড়া ও কোটালীপাড়ায় পৃথক অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে জেলা জুড়ে অভিযান চালানো হচ্ছে এবং অধিকাংশকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবার এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগ ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত ও শতাধিক আহত হন, যার মধ্যে পুলিশ ও সাংবাদিকও রয়েছেন। সংঘর্ষ থামাতে জেলার বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয় এবং এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।