মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামে ১৪ বছরের কিশোর ফয়সাল ঢালীর মরদেহ উদ্ধার হয়েছে একটি ডোবা থেকে। সংসারের ভার কাঁধে তুলে নিয়ে ইজিবাইক চালাত সে। বুধবার দুপুরে খাবার খেয়ে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে পাওয়া গেল তার নিথর দেহ—পাশেই ছিল ইজিবাইক, তবে ব্যাটারি ছিল না।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ফয়সাল সকাল ৭টায় ইজিবাইক নিয়ে বের হয় এবং দুপুরে একবার ফিরে এসে আবার বের হয়। বিকেলে তার ছোট ভাই ফুলতলা রোডের পাশে ইজিবাইকটি দেখতে পায়, কিন্তু ফয়সালের কোনো খোঁজ মেলেনি। সন্ধ্যায় মা ফাতেমা বেগম থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি নং-২১৯৯)। বৃহস্পতিবার সকাল ৬টায় ডোবা থেকে উদ্ধার হয় ফয়সালের মরদেহ। ইজিবাইকের চারটি ব্যাটারির মধ্যে তিনটি খোয়া গেছে।
নিহতের পরিবার দাবি করেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল ইসলাম বলেন, “ইজিবাইক ও মরদেহ একই স্থানে পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন