লালমনিরহাটে রজনী কান্ত অধিকারী (৩৪) নামের এক মাদক কারবারীর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।
 
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আসামীর উপস্থিতিতে লালমনিরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
 
সাজাপ্রাপ্ত রজনী কান্ত অধিকারী লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের উত্তর জাওরানী এলাকার মৃত অতুল অধিকারীর ছেলে।
 
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ আগস্ট বিকেলে রংপুর র‌্যাব-১৩ এর একটি দল হাতীবান্ধা উপজেলার পূর্ব কদমা গ্রামে অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেন্সিডিলসহ রজনী কান্ত অধিকারীকে আটক করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে হাতীবান্ধা থানায় রজনীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে র‍্যাব।
 
এ মামলায় পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে রজনীর বিরুদ্ধে অভিযোগ পত্র  দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামীর উপস্থিতিতে বুধবার এ মামলার রায় ঘোষনা করেন। রায়ে বলা হয়, অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় রজনী কান্ত অধিকারীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদয়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
 
লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট কে.এম হুমায়ুন রেজা স্বপন বলেন, ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে এই মামলা চলমান ছিল। আদালত আজ দীর্ঘ শুনানি শেষে রজনী কান্ত অধিকারীকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেছেন। আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।