মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামে রাজনৈতিক মতবিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত মফেজ আলীর হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগাংনী নিহতের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবেদা খাতুন, শফিকুল ইসলাম, নিহতের বাবা, বড় ভাই, জামাতা, গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলার গণমাধ্যম কর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের স্ত্রী আরজিয়া খাতুন ও মেয়ে রিক্তা খাতুন। তারা বলেন, আমার স্বামীর সাথে গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সাবদার আলী ও জিয়ারুল ইসলামের সাথে রাজনৈতিক মতবিরোধ রয়েছে।

গত ০২/০৯/২০২৫ তারিখ রাত ৯টার সময় গ্রামের ঘুনার মোড়স্থ আসামিদের চাচাতো ভাই জিন্নাতের মুদি দোকানে আমার মামাশ্বশুর আবুল কাশেম মেম্বারের সাথে রাজনৈতিক মতবিরোধকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় আমার মামাশ্বশুর আবুল কাশেমকে চড়-থাপ্পড় মারা হয়।

একই সময় আমার স্বামী মফেজ আলী কেনাকাটার জন্য জিন্নাতের দোকানে গেলে গণ্ডগোল দেখতে পেয়ে তাদের নিষেধ করেন।

প্রতিপক্ষ সাবদার আলী পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার স্বামীর বুকের উপর লাথি মারেন। এ সময় হাসানুজ্জামান পিছন থেকে এসে আমার স্বামীর ঘাড়ের উপর আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান।

এ সময় সাবদার আলী আমার স্বামীর অণ্ডকোষের উপর লাথি মারলে আমার স্বামী অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলে আমার শ্বশুরকে মেরে ফেলার হুমকি দিয়েছিল আসামিরা। এ কারণে ওই সময় তাদের নাম বলেননি নিহতের বাবা।

নিহতের বাবা সংবাদ সম্মেলনে বলেন, আসামিরা আমাকে হত্যার হুমকি দিয়েছিল। একারণে আমি মুখ খুলতে পারিনি। এছাড়া আমাকে বলা হয়েছিল, পুলিশকে যদি বলি আমার ছেলে মেরেছে তাহলে তাকে নামে পোস্টমর্টেমে কাটাকাটি করবে এবং সে আখেরাত পাবে না। এ কারণে ভয়ে আমি হত্যার বিষয়ে এগিয়ে যাইনি।

মফেজ আলীর পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান। এছাড়াও নিহত মফেজ আলীর জামাতা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আমি আমার শাশুড়িকে নিয়ে মেহেরপুর সদর থানায় পুলিশের কাছে মামলা করার জন্য গেলে, তারা মামলা নেওয়া হবে বলে প্রায় দুই ঘণ্টা থানায় বসিয়ে রাখে।

দুই ঘণ্টা পর মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পোস্টমর্টেম রিপোর্টের পরে মামলা নেওয়া হবে বলে আমাদের বাড়ি পাঠিয়ে দেন। তিনি আরও প্রতিশ্রুতি দেন, মোবাইলে ডেকে নেওয়া হবে।

হত্যাকাণ্ডের চারদিন অতিবাহিত হলেও আসামিদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, আমরা মামলা নিচ্ছি না এটা সঠিক নয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।